crime · Amar Bangla BD

দুই লাখ টাকা ঘুষসহ সাব-রেজিস্ট্রারসহ আটক ৩

Amar Bangla BD1 views
চট্টগ্রামের পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দলিল রেজিস্ট্রির জন্য ২ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় সাব-রেজিস্ট্রারসহ তিনজনকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাদের আটক করে। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আটক তিনজন হলেন—পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ের সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম এবং অফিসের উমেদার রূপন দাশ। দুদক সূত্র জানায়, চট্টগ্রামের এক আইনজীবী তার মক্কেলের দুটি অংশীদারি চুক্তিপত্র রেজিস্ট্রির জন্য পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে জমা দেন। দলিল দুটিতে কোনো ত্রুটি না থাকলেও সাব-রেজিস্ট্রার ইচ্ছাকৃতভাবে রেজিস্ট্রির কাজ আটকে রাখেন বলে অভিযোগ। পরে সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান ও হেড ক্লার্ক ফারুক ইসলাম দলিল দুটি রেজিস্ট্রি করে দেওয়ার বিনিময়ে ২ লাখ টাকা ঘুষ দাবি করেন বলে দুদকের পক্ষ থেকে জানানো হয়। ঘুষের দাবিতে নিরুপায় হয়ে ওই আইনজীবী দুদকের হটলাইন ১০৬-এ অভিযোগ করেন। পরে তিনি দুর্নীতি দমন কমিশনের চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এ লিখিত অভিযোগ দেন। এর পরিপ্রেক্ষিতে দুদকের বিশেষ টিম মঙ্গলবার অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ২ লাখ টাকা ঘুষ গ্রহণকালে সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম ও উমেদার রূপন দাশকে হাতেনাতে আটক করা হয়। দুদক জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। আমার বাঙলা/ রাব্বি
মূল সংবাদ

এই পোর্টাল সংবাদটির শিরোনাম/সারাংশ প্রদর্শন করছে। পূর্ণ প্রতিবেদন পড়তে মূল প্রকাশকের ওয়েবসাইটে যান।

মূল প্রতিবেদন পড়ুন →

আরও পড়ুন