general · Amar Bangla BD

গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে কঠোর হুশিয়ারি এরদোয়ানের

Amar Bangla BD1 views
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বৈশ্বিক ‘জেন্ডার-নিউট্রালাইজেশন’ বা লিঙ্গ-নিরপেক্ষীকরণ নীতির তীব্র সমালোচনা করে ঐতিহ্যগত পরিবার ও শিশু সুরক্ষার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান। একইসঙ্গে ফিলিস্তিনে ইসরায়েলের চলমান বর্বরতার কঠোর সমালোচনা করে ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে জোরালো অবস্থান পুনর্ব্যক্ত করেছেন তিনি। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে তুর্কি প্রেসিডেন্ট বলেন, বৈশ্বিক লিঙ্গ-নিরপেক্ষীকরণ নীতির বর্তমান প্রবণতাগুলো পরিবার ও শিশুদের লক্ষ্য করে একটি বড় ধরনের বৈশ্বিক প্রচারণায় রূপ নিয়েছে। এই অবস্থা থেকে উত্তরণে নারী ও পুরুষের সমন্বয়ে গঠিত ঐতিহ্যগত পরিবারব্যবস্থার সুরক্ষার পক্ষে শক্ত অবস্থান নেওয়ার সময় এসেছে বলে মন্তব্য করেন তিনি। শিশু ও পারিবারিক মূল্যবোধ রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপরও জোরারোপ করেন এরদোয়ান। বক্তব্যের একটি বড় অংশজুড়ে গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর নৃশংস কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান তুর্কি প্রেসিডেন্ট। তিনি স্পষ্ট ভাষায় বলেন, গাজায় ইসরাইলের কর্মকাণ্ড বিশ্ববাসীর মানবিক বিবেককে গভীরভাবে আঘাত করছে। ফিলিস্তিনিদের ওপর চলমান এই অন্যায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কোনোভাবেই উপেক্ষা করা উচিত নয়। ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে তুরস্কের অটল অবস্থান তুলে ধরে এরদোয়ান যেসব দেশ এখনো ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি, তাদের অবিলম্বে বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানান। গাজার যুদ্ধবিরতি, পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণ বন্ধ এবং উপত্যকা পুনর্গঠনে জাতিসংঘের আরও জোরালো ও কার্যকর ভূমিকা দাবি করেন তিনি। উল্লেখ্য, এরদোয়ানের এই বক্তব্যের সময় ইসরাইলি প্রতিনিধিদলের সদস্যরা প্রতিবাদস্বরূপ অধিবেশনকক্ষ ত্যাগ করেন। মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে এরদোয়ান জানান, ফিলিস্তিনে ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত কোনোভাবেই একটি ন্যায়ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়। চলমান সংকট কূটনৈতিক উপায়ে সমাধানের সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি উপসাগরীয় অঞ্চলের উত্তেজনা কমিয়ে আনা, কৌশলগত হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং সব পক্ষকে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানান। আমার বাঙলা/রাজীব
মূল সংবাদ

এই পোর্টাল সংবাদটির শিরোনাম/সারাংশ প্রদর্শন করছে। পূর্ণ প্রতিবেদন পড়তে মূল প্রকাশকের ওয়েবসাইটে যান।

মূল প্রতিবেদন পড়ুন →

আরও পড়ুন