entertainment · Amar Bangla BD

রশিদ খানকে টপকে এক নম্বর বোলার আবরার

Amar Bangla BD1 views
রশিদ খানকে পেছনে ফেলে প্রথমবারের মতো আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে বিশ্বসেরা হলেন পাকিস্তানের প্রমিজিং লেগ স্পিনার আবরার আহমেদ। ১ রেটিং পয়েন্টের ব্যবধানে আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খানকে টপকে এই শীর্ষস্থান দখল করলেন তিনি। অন্যদিকে, ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে কোনো পরিবর্তন না এলেও দারুণ পারফর্ম করে সেরা চারে জায়গা করে নিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক। ভারতের বিপক্ষে সদ্যসমাপ্ত সিরিজে রশিদ খান নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। তিন ম্যাচে ৪ উইকেট শিকার করলেও ওভার প্রতি তাকে ৯.৮২ রান করে খরচ করতে হয়েছে। ফলে না খেললেও ১ রেটিং পয়েন্টের ব্যবধানে এগিয়ে এক নম্বরে উঠে আসেন আবরার আহমেদ। বর্তমানে ৭৩৬ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আবরার পাকিস্তানের পঞ্চম বোলার হিসেবে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এই কীর্তি গড়লেন। এর আগে পাকিস্তানের হয়ে এই মর্যাদাপূর্ণ স্থানে পৌঁছানোর গৌরব অর্জন করেছিলেন উমর গুল, সাঈদ আজমল, ইমাদ ওয়াসিম ও শহীদ আফ্রিদি। এদিকে আইসিসি টি-টোয়েন্টি বোলিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার স্থান দখল করেছেন কেবল লেগ স্পিনাররা। আবরার ও রশিদের ঠিক পরেই অবস্থান করছেন যথাক্রমে অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা ও ইংল্যান্ডের আদিল রশিদ। এছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে ৫ উইকেট শিকার করে এক লাফে ৪৭ ধাপ এগিয়ে ক্যারিয়ার–সেরা ষষ্ঠ স্থানে উঠে এসেছেন ইংলিশ পেসার জেমি ওভারটন। অন্যদিকে, বোলারদের তালিকায় বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ১২তম স্থানে অবস্থান করছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে আগের মতো শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের ঈশান কিষাণ। তবে শ্রীলঙ্কার বিপক্ষে সদ্যসমাপ্ত সিরিজে ব্যাট হাতে দারুণ পারফর্ম করে পাঁচ ধাপ এগিয়ে চার নম্বরে উঠে এসেছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক। সিরিজের সর্বোচ্চ ১৭২ রান করে দুই ধাপ উন্নতি হয়েছে ইংলিশ ব্যাটার জস বাটলারেরও, তিনি অবস্থান করছেন পাঁচ নম্বরে (হ্যারি ব্রুক করেছিলেন ১৭০ রান)। আর বাংলাদেশি ব্যাটারদের মধ্যে তালিকায় সর্বোচ্চ ১৭তম অবস্থানে রয়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম। আমার বাঙলা/রাজীব
মূল সংবাদ

এই পোর্টাল সংবাদটির শিরোনাম/সারাংশ প্রদর্শন করছে। পূর্ণ প্রতিবেদন পড়তে মূল প্রকাশকের ওয়েবসাইটে যান।

মূল প্রতিবেদন পড়ুন →

আরও পড়ুন