health · Amar Bangla BD

শিশুসাহিত্যিক আখতার হুসেন আর নেই

Amar Bangla BD1 views
শিশুসাহিত্যিক ও সাংবাদিক আখতার হুসেন আর নেই। একই সঙ্গে গীতিকার হিসেবেও পরিচিত এই সাহিত্যিক বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রম্যলেখক তাপস রায়। মস্তিষ্কে রক্তক্ষরণসহ বিভিন্ন শারীরিক জটিলতায় বেশ কিছুদিন ধরে চিকিৎসাধীন ছিলেন আখতার হুসেন। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। এর আগে ১৮ সেপ্টেম্বর দিবাগত রাত সোয়া ১২টার দিকে ঢাকার গ্রিন লাইফ হাসপাতালের চিকিৎসক জানিয়েছিলেন, আখতার হুসেন মস্তিষ্কে রক্তক্ষরণজনিত ইসকেমিক স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। তখন তার শারীরিক অবস্থা সংকটজনক ছিল। হাসপাতালে তার সঙ্গে ছিলেন ছেলে প্রমিত হুসেন। তিনি জানিয়েছিলেন, তার বাবা আগে থেকেই ক্যান্সারে আক্রান্ত ছিলেন। কয়েক দিন আগে রক্তচাপ কমে যাওয়াসহ নানা শারীরিক সমস্যা দেখা দিলে তাকে ফার্মগেটের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে বারডেম হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ১৯৪৫ সালের ১ নভেম্বর জন্মগ্রহণ করেন আখতার হুসেন। নাটোরের লালপুর উপজেলার নুরুল্লাপুর গ্রামে তার পৈতৃক নিবাস। বাবা টি.আই.এম. সিকান্দারের রেলওয়ের চাকরির কারণে শৈশব ও কৈশোরের বড় একটি সময় দেশের বিভিন্ন এলাকায় কেটেছে তার। খুলনা, গফরগাঁও ও কুলাউড়াসহ বিভিন্ন স্থানে বেড়ে ওঠেন তিনি। বাংলা শিশুসাহিত্যে দীর্ঘ সময় ধরে অবদান রেখেছেন আখতার হুসেন। লেখালেখির পাশাপাশি সাংবাদিকতা ও গান রচনার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। কর্মজীবনে প্রথমা প্রকাশনের পাণ্ডুলিপি সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সাহিত্যচর্চার স্বীকৃতি হিসেবে বাংলা একাডেমি পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননা পেয়েছেন এই সাহিত্যিক। তার মৃত্যুতে শিশুসাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের আবহ।
মূল সংবাদ

এই পোর্টাল সংবাদটির শিরোনাম/সারাংশ প্রদর্শন করছে। পূর্ণ প্রতিবেদন পড়তে মূল প্রকাশকের ওয়েবসাইটে যান।

মূল প্রতিবেদন পড়ুন →

আরও পড়ুন