climate · Amar Bangla BD
আগামী ৫ দিন টানা বৃষ্টির আভাস
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে ভারী বর্ষণ। তবে সময়ের সঙ্গে কমে আসতে পারে বৃষ্টির প্রবণতা। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯ টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। আজ শুক্রবার দেশের রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে ভারী বর্ষণ। শনিবার রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় এবং অন্য কয়েকটি বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। রোববার দেশের আট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। সোমবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মঙ্গলবার চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, বরিশাল ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী পাঁচ দিনে তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগে মঙ্গলবার দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
মূল সংবাদ
এই পোর্টাল সংবাদটির শিরোনাম/সারাংশ প্রদর্শন করছে। পূর্ণ প্রতিবেদন পড়তে মূল প্রকাশকের ওয়েবসাইটে যান।
মূল প্রতিবেদন পড়ুন →