general · Amar Bangla BD
গ্রিসে গ্যাস বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৬
গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় শক্তিশালী গ্যাস বিস্ফোরণে একটি ভবন ধসে পড়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৬ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক। খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। শনিবার (২৬ সেপ্টেম্বর) ধসে পড়া ২ তলা ভবনটির ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকারী দল মরদেহগুলো উদ্ধার করে। উদ্ধারকৃত নথিপত্র ও ব্যক্তিগত মালামাল পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে যে, নিহত ৪ মার্কিন নাগরিকের মধ্যে ২ জন পুরুষ ও ২ জন নারী রয়েছেন। তারা ওই ভবনে পর্যটক হিসেবে অবস্থান করছিলেন। অন্য দুজন ছিলেন দ্বিতীয় তলায় বসবাসকারী প্রবীণ দম্পতি, যাদের একজন ব্রিটিশ পুরুষ ও অন্যজন গ্রিক নারী। এ ঘটনায় পাশের ভবনের দুজন আহত হয়েছেন। এথেন্সের মেয়র হারিস দুকাস জানিয়েছেন, বড় ধরনের গ্যাস লিক থেকেই এ ভয়াবহ বিস্ফোরণ ঘটে থাকতে পারে। বিস্ফোরণের তীব্রতায় ভবনটি পুরোপুরি ধসে পড়ে এবং এতে আশপাশের বেশ কিছু স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। নিরাপত্তাজনিত কারণে ক্ষতিগ্রস্ত এলাকার ভবনগুলো খালি করে দেওয়া হয়েছে। এদিকে গ্রিক দৈনিক 'কাঠিমেরিনি' জানিয়েছে, নিহত ৪ মার্কিন পর্যটকের গত শুক্রবার সকালেই দেশে ফেরার ফ্লাইট ধরার কথা ছিল। তবে তারা হোটেল ছেড়ে বের হওয়ার আগেই দুর্ঘটনার শিকার হয়েছেন। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, ওই এলাকায় দীর্ঘদিন ধরে গ্যাস লিক ও শর্ট সার্কিটের ঝুঁকি ছিল। পৌর কর্তৃপক্ষ ও বিদ্যুৎ সংস্থাকে বারবার সতর্ক করার পরও কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। তবে ঠিক কীভাবে এবং কোথা থেকে গ্যাসের বিস্ফোরণ ঘটেছে, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
মূল সংবাদ
এই পোর্টাল সংবাদটির শিরোনাম/সারাংশ প্রদর্শন করছে। পূর্ণ প্রতিবেদন পড়তে মূল প্রকাশকের ওয়েবসাইটে যান।
মূল প্রতিবেদন পড়ুন →